মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ঘুষ নিয়ে প্রকল্পের চুক্তি, জমি ও অর্থায়নের ব্যবস্থা করে দিতেন ইয়াং

ডেস্ক রিপোর্ট।।

চীনের পূর্বাঞ্চলের একটি আদালত ২২০ কোটির বেশি ইউয়ান ঘুষ গ্রহণসহ একাধিক দুর্নীতির অভিযোগে সাবেক নগর কর্মকর্তা ইয়াং ইউলিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ৬৯ বছর বয়সী ইয়াং ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত নানজিং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আদালত তাকে ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং অর্থপাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।

আদালতের তথ্য অনুযায়ী, ইয়াং নিজের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য প্রকৌশল প্রকল্পের চুক্তি, জমি হস্তান্তর এবং অর্থায়নের ব্যবস্থা করে দিতেন। এর বিনিময়ে তিনি বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান উপহার গ্রহণ করেন। আদালতের ভাষ্য, তার কর্মকাণ্ড রাষ্ট্র ও জনগণের স্বার্থের ব্যাপক ক্ষতি করেছে।

ইয়াং ইউলিনের বিরুদ্ধে তদন্ত শুরু হয় প্রেসিডেন্ট শি চিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে। এই অভিযানে সামরিক বাহিনী, ব্যাংকিং খাত এবং সরকারি উচ্চপদস্থ অনেক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও সমালোচকদের দাবি, এসব অভিযান কখনো কখনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেওয়ার হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়।

চীনে অর্থনৈতিক অপরাধে মৃত্যুদণ্ডের নজির তুলনামূলকভাবে বিরল। তবে বড় অঙ্কের আর্থিক দুর্নীতির ঘটনায় মাঝে মধ্যেই এমন শাস্তি দেওয়া হয়। এর আগে ২০২১ সালে ১৮০ কোটির বেশি ইউয়ান ঘুষ নেওয়ার দায়ে সাবেক আর্থিক খাতের কর্মকর্তা লাই শিয়াওমিনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এছাড়া ২০২৪ সালে ইনার মঙ্গোলিয়ার সাবেক কর্মকর্তা লি জিয়ানপিংকে ৩০০ কোটির বেশি ইউয়ান আত্মসাৎ ও ঘুষের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

যদিও অনেক ক্ষেত্রে আদালত স্থগিত মৃত্যুদণ্ড বা দীর্ঘমেয়াদি কারাদণ্ড দিয়ে থাকে, ইয়াং ইউলিন তদন্তে সহযোগিতা ও অপরাধ স্বীকার করলেও আদালতের মতে তার অপরাধ এতটাই গুরুতর যে শাস্তি কমানোর সুযোগ নেই। তাই অনুশোচনা প্রকাশের পরও তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন