মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

বৈরী পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডের আজকের সব পরীক্ষা স্থগিত

ডেস্ক রিপোর্ট।।

বৈরী আবহাওয়া, টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার বুধবারের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

এর আগে একই রাতে পৃথক নির্দেশনায় প্রথমে চট্টগ্রাম, রাঙামাটি এবং পরে কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে বৃষ্টি ও বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় শেষ পর্যন্ত পুরো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোর এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হচ্ছে।

এদিকে টানা দুই দিনের অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতা ও বন্যার কবলে পড়েছে। চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টায় ৪২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

প্রবল বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাহাড়ধস ও দেয়ালধসের ঘটনায় প্রাণহানির খবর পাওয়া গেছে। পাহাড়ি ঢলে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের কয়েকটি অংশ তলিয়ে যাওয়ায় দুই জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দুর্যোগের প্রভাব পড়েছে বিমান ও রেল চলাচলেও। প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। এছাড়া রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রাম নগরের ষোলোশহর স্টেশনে আটকে পড়ে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার জেলা। টানা বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ১৯৩টি ছোট-বড় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। পাশাপাশি কক্সবাজার সদর, টেকনাফ, রামু, মহেশখালী, চকরিয়া ও পেকুয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় শতাধিক গ্রাম পানির নিচে চলে গেছে। সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন