রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

৪৫০ কোটি রুপির বাজেটের খবর ‘মিথ্যা’, জানালেন সিদ্ধার্থ আনন্দ

ডেস্ক রিপোর্ট।।

বলিউড সুপারস্টার শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-কে ঘিরে নতুন করে শুরু হয়েছে বাজেট নিয়ে আলোচনা। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়, ছবিটি নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ৪৫০ কোটি রুপি। তবে সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ।

প্রতিবেদনে বলা হয়েছিল, যদি ৪৫০ কোটি রুপির তথ্য সঠিক হয়, তাহলে ‘কিং’ হবে শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। এর আগে প্রায় ৪০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘জওয়ান’ ছিল তার সবচেয়ে বড় বাজেটের ছবি।

তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান সিদ্ধার্থ আনন্দ। তিনি শুধু ‘False’ (মিথ্যা) লিখে পোস্ট করেন। যদিও তিনি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেননি, তবে এটি বাজেটসংক্রান্ত দাবির জবাব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

শুরুর দিকে ‘কিং’ পরিচালনার দায়িত্বে ছিলেন নির্মাতা সুজয় ঘোষ। পরে তিনি সরে দাঁড়ালে পরিচালনার দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে শাহরুখ খানকে নিয়ে ব্লকবাস্টার ‘পাঠান’ নির্মাণ করেছিলেন।

বড় পরিসরে নির্মিত এই সিনেমায় শাহরুখ খানের সঙ্গে প্রথমবার অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও রাঘব জুয়াল।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ছবিটির গল্প ১৯৯৪ সালের জনপ্রিয় ফরাসি অ্যাকশন-ড্রামা ‘Léon: The Professional’ থেকে অনুপ্রাণিত হতে পারে। যদিও এ বিষয়ে নির্মাতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন