বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

মেয়েদের উচ্চশিক্ষা আরও সহজলভ্য করতে অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকারের লক্ষ্য শুধু নারী শিক্ষার প্রসার নয়, অর্থনৈতিকভাবেও নারীদের আরও ক্ষমতায়ন নিশ্চিত করা।

বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম কার্যদিবসে সংসদ সদস্য হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ চালু করেছিল। সেই উদ্যোগকে আরও সম্প্রসারণ করে বর্তমান সরকার অনার্স বা ডিগ্রি পর্যায় পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে।

তিনি বলেন, নারী শিক্ষার পাশাপাশি তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতেও সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে নারীদের আর্থিক নিরাপত্তা ও ক্ষমতায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংসদে উপস্থিত নারী শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগের পাশাপাশি যেসব শিক্ষার্থী ভালো ফলাফল করবে, তাদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।

এদিকে মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও স্কুলব্যাগ বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস ও ব্যাগ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে এ কর্মসূচি সারা দেশে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন