ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে শহীদ ওসমান হাদীর ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ যাচাই শেষে প্রতিষ্ঠানটি তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন আব্দুল্লাহ আল জাবের।
পোস্টে তিনি উল্লেখ করেন, শহীদ ওসমান হাদী জীবদ্দশায় ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন। তবে শাহাদাতের আগে সেই প্রক্রিয়া সম্পন্ন করে যেতে পারেননি।
আব্দুল্লাহ আল জাবের জানান, প্রতিষ্ঠার শুরু থেকেই ইনকিলাব কালচারাল সেন্টারকে ‘জনতার আমানত’ হিসেবে বিবেচনা করা হয়েছে। শহীদ ওসমান হাদীর শাহাদাতের পর গত ছয় মাস ধরে ওয়ারিশ-সংক্রান্ত বিষয়টির সমাধানের চেষ্টা এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ চলছিল। তবে পরিস্থিতির জটিলতা বিবেচনায় শেষ পর্যন্ত নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে।
তিনি বলেন, শহীদ ওসমান হাদীর সম্মান এবং তাঁর ওয়ারিশদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে ইনকিলাব কালচারাল সেন্টার তাদের কাছে হস্তান্তর করা হবে।
সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, দায়িত্ব পালনকালে তাদের আস্থার মর্যাদা রক্ষায় তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন।
আর্থিক হিসাবের বিষয়ে তিনি জানান, শহীদ ওসমান হাদীর শাহাদাতের পর ‘ঢাকা-৮’ এবং ইনকিলাব কালচারাল সেন্টার-সংশ্লিষ্ট সব ব্যাংক হিসাব ফ্রিজ থাকায় ওই অংশের হিসাব এখনই প্রকাশ করা সম্ভব নয়। তবে তার দায়িত্বকালীন সময়ের অন্যান্য আর্থিক হিসাব দ্রুত জনসম্মুখে প্রকাশ করা হবে।
পোস্টের শেষাংশে তিনি বলেন, ইনসাফের সংগ্রাম ও সাংস্কৃতিক জাগরণের যে স্বপ্ন শহীদ ওসমান হাদী রেখে গেছেন, তা বাস্তবায়নের জন্য তিনি সবার দোয়া কামনা করেন। একই সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারের সঙ্গে নিজের পথচলার ইতি টানার ঘোষণাও দেন।


