দেশে আধুনিক নেটওয়ার্কিং ও তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে ‘সিএসএল ক্লাসরুম’ নামে একটি প্রশিক্ষণ ল্যাব চালু করেছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড (ইএসএল)। এখানে প্রতি ব্যাচে ২৪ জন শিক্ষার্থীকে হাতে-কলমে আধুনিক নেটওয়ার্কিং ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সম্প্রতি রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ। একই অনুষ্ঠানে ‘সিসকো পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৫–বাংলাদেশ’ সম্মাননা অর্জনের সাফল্যও উদযাপন করে প্রতিষ্ঠানটি।
ইএসএল জানায়, বর্তমানে তাদের প্রতিষ্ঠানে আড়াই শতাধিক সিসকো-সনদপ্রাপ্ত প্রকৌশলী ও প্রযুক্তি বিশেষজ্ঞ কর্মরত রয়েছেন। এ পর্যন্ত এক হাজারের বেশি কৌশলগত প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিভিন্ন করপোরেট খাতের পাঁচ শতাধিক গ্রাহককে প্রযুক্তি সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে আব্দুল ফাত্তাহ বলেন, দেশে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ করে প্রি-সেলস ও পোস্ট-সেলস পর্যায়ে দক্ষ জনবলের সংকট দিন দিন বাড়ছে। এ ঘাটতি পূরণে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ ও দক্ষ মানবসম্পদ তৈরিতে আরও বিনিয়োগ এবং কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
অনুষ্ঠানে আতিকুর রহমান বলেন, বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই ইএসএল সিসকো প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছিল। অংশীদারদের দক্ষতা ও আস্থার কারণেই দেশে সিসকোর প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ইএসএল সিসকোর নেটওয়ার্কিং, সিকিউরিটি এবং কোলাবোরেশন পোর্টফোলিওতে ‘প্রেফার্ড পার্টনার’ স্বীকৃতি অর্জন করেছে। এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত সক্ষমতা, সেবার মান এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি সমাধান প্রদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

