প্রতিদিনের বদলে বছরে মাত্র ৫২টি ইনজেকশন; টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস চিকিৎসায় নতুন বিকল্প
ডেনমার্কভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্ক ভারতের বাজারে সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন ইনজেকশন ‘আউইক্লি’ (Awiqli) উন্মোচন করেছে। প্রতিদিন ইনসুলিন নেওয়ার পরিবর্তে এটি সপ্তাহে একবার প্রয়োগ করা যাবে, যা ডায়াবেটিস রোগীদের জন্য নতুন একটি চিকিৎসা বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ‘আউইক্লি’ বিশ্বের প্রথম ক্লিনিক্যাল ব্যবহারের জন্য অনুমোদিত সপ্তাহে একবার প্রয়োগযোগ্য দীর্ঘমেয়াদি বেসাল ইনসুলিন। এটি প্রাপ্তবয়স্কদের টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহারের জন্য অনুমোদিত।
নয়াদিল্লিতে পণ্যটির উদ্বোধন অনুষ্ঠানে নোভো নরডিস্ক ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক বিক্রান্ত শ্রোত্রিয়া জানান, নতুন ইনসুলিন ব্যবহারের ফলে বছরে ৩৬৫টি ইনজেকশনের পরিবর্তে মাত্র ৫২টি ইনজেকশন নিলেই চলবে। এতে রোগীদের চিকিৎসা গ্রহণে স্বাচ্ছন্দ্য বাড়বে বলে আশা করা হচ্ছে।
ভারতে ৭০ ইউনিটের এক সপ্তাহের ডোজের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬১ রুপি। এছাড়া ১ মিলিলিটার (৭০০ ইউনিট) প্যাকের দাম ২ হাজার ৬১১ রুপি এবং ৩ মিলিলিটার (২ হাজার ১০০ ইউনিট) প্যাকের দাম রাখা হয়েছে ৭ হাজার ৮৩৩ রুপি।
নোভো নরডিস্কের তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে ১০ কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং প্রায় ১৩ কোটি ৬০ লাখ মানুষ প্রি-ডায়াবেটিসে ভুগছেন। ইনজেকশনের ভয়, ব্যথা ও ব্যয়ের কারণে অনেক রোগী সময়মতো ইনসুলিন শুরু করতে পারেন না বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে।
বিক্রান্ত শ্রোত্রিয়ার ভাষ্য, বর্তমানে ভারতে প্রায় ৬০ লাখ মানুষ ইনসুলিন ব্যবহার করছেন। আগামী কয়েক বছরে এই সংখ্যা প্রায় ৯০ লাখে পৌঁছাতে পারে বলে তাদের ধারণা।
‘ইনসুলিন আইকোডেক’ নামে পরিচিত ‘আউইক্লি’ চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে অনুমোদন পায়। এরপর ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশে অনুমোদন লাভের পর সপ্তম দেশ হিসেবে ভারতের বাজারে ওষুধটি উন্মুক্ত করা হলো।

