রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ঢাকা মহানগর উত্তরে কার্যত নিষিদ্ধ আ. লীগের নতুন কমিটি নিয়ে ক্ষোভ

স্বাধীন সরকার, ঢাকা

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ঘোষিত নতুন ৪টি থানা ও ২৩টি ওয়ার্ড কমিটির তালিকা প্রকাশকে কেন্দ্র করে দলের ভেতরেই অসন্তোষ ও সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে বনানী থানাধীন ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতা শেখ সাদী সর্দার। তিনি অভিযোগ করেছেন, রাজপথের ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটিতে অযোগ্য ও ‘হাইব্রিড’ নেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে শেখ সাদী সর্দার এই ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, ২০ নম্বর ওয়ার্ডের নতুন কমিটিতে এমন অনেককে পদায়ন করা হয়েছে, যারা দলের দুঃসময়ে বা গত ৫ আগস্টের আগে-পরে রাজপথ কিংবা অনলাইনে কোনো সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন না।

শেখ সাদী তার পোস্টে নিজের দীর্ঘ রাজনৈতিক ত্যাগের কথা উল্লেখ করে বলেন, “আমি ও আমার সহপাঠীরা ৫ আগস্টের আগে ও পরবর্তী সময়ে নিরলসভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। অথচ আমাদের কোনো রকম মূল্যায়ন করা হয়নি।”

তিনি তার পারিবারিক ঐতিহ্য ও সংগ্রামের চিত্র তুলে ধরে বলেন, “ছোটবেলা থেকে বাবার হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়েছি। ২০০২ সালে আমার বাবার মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাসায় গিয়ে সান্ত্বনা দিয়েছিলেন এবং আশ্বস্ত করেছিলেন। অথচ দলের দুঃসময়ে আমাদের পরিবারের সদস্যরা বারবার কারাবরণ করেছেন, মামলা-হামলার শিকার হয়েছেন। আমার ভাইয়েরাও বিভিন্ন পর্যায়ে দলের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যাদের ইউনিট পর্যায়ে আমি নেতৃত্বে এনেছিলাম, তাদের অনেকেই এখন বর্তমান কমিটিতে আমার উপরে পদ পেয়েছেন।”

শেখ সাদী আরও উল্লেখ করেন, যারা দীর্ঘ সময় সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে ছিলেন বা গ্রামের বাড়িতে অবস্থান করেছেন, তাদেরই এখন গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এতে প্রকৃত ত্যাগী কর্মীরা দল থেকে বিমুখ হয়ে পড়ছেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

উল্লেখ্য, সদ্য ঘোষিত ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সদ্য কারামুক্ত হাজী মোহাম্মদ আসলামকে এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর হোসেন হাওলাদার।

কমিটির পদায়ন নিয়ে এই অসন্তোষের পরিপ্রেক্ষিতে শেখ সাদী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুদৃষ্টি কামনা করেছেন। তিনি দলের দুর্দিনের কর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান, যাতে জননেত্রী শেখ হাসিনার হাত আরও শক্তিশালী হয়।

নিজস্ব প্রতিক্রিয়ার শেষে তিনি দলের প্রতি তার অবিচল আনুগত্যের কথা পুনর্ব্যক্ত করে বলেন, যদি কোনো কিছুতে ভুল বা কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন