সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদনে চাঞ্চল্য

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্ত কার্যকর থাকা অবস্থায় ইরান তাদের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা মেরামত ও পুনর্গঠনের কাজ শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি।

প্রতিবেদনে বলা হয়, তেহরানের পারচিন এলাকায় অবস্থিত একটি স্থাপনা, যেখানে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক সংরক্ষণের সন্দেহ রয়েছে, সেখানে মেরামতের কার্যক্রমের আলামত পাওয়া গেছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত ওই স্থাপনার জুন ও জুলাই মাসে ধারণ করা স্যাটেলাইট ছবিতে ধাপে ধাপে সংস্কারকাজের চিত্র দেখা যায়।

বিশ্লেষকদের মতে, জুন মাসের ছবিতে হামলায় সৃষ্ট গর্ত অস্থায়ীভাবে ঢেকে রাখার দৃশ্য দেখা গেলেও জুলাইয়ের ছবিতে সেখানে জালের আবরণ (মেশ) ব্যবহার করা হয়েছে, যা মেরামত কার্যক্রমের অগ্রগতির ইঙ্গিত দেয়। অথচ ওই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতা স্মারক কার্যকর ছিল।

এছাড়া পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির সন্দেহ থাকা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় অবস্থিত টানেলগুলোতেও অস্বাভাবিক যানবাহন চলাচল লক্ষ্য করা গেছে। সমঝোতা স্মারক স্বাক্ষরের কয়েক দিনের মধ্যেই এসব কার্যক্রম শুরু হওয়ায় চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্যাটেলাইট চিত্রে আরও দেখা গেছে, ইরান ক্ষতিগ্রস্ত কয়েকটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারের সংস্কারও শুরু করেছে। যদিও ইসফাহান, ফোরদো এবং নাতাঞ্জের মতো প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো নির্মাণ বা মেরামতের কার্যক্রম দেখা যায়নি।

গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা, মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ না করার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত ছিল। একই সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমানো বা নিষ্পত্তির বিষয়ে একটি যৌথ প্রক্রিয়ায় সম্মত হওয়ার কথাও উল্লেখ ছিল।

তবে চুক্তি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই ইরানের এসব তৎপরতার অভিযোগ সামনে আসায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে অবিশ্বাস ও উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করে যুদ্ধবিরতি কার্যত শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছে এবং ইসলামিক প্রজাতন্ত্রটির বিরুদ্ধে নতুন সামরিক অভিযানও শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন