সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তাকে হত্যা বা হত্যার কোনো চেষ্টা করা হলে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক ও ব্যাপক সামরিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানকে লক্ষ্য করে বর্তমানে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, তার ওপর হামলার ঘটনা ঘটলে এর জবাবে আরও কয়েক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ আগে থেকেই দেওয়া রয়েছে।

ট্রাম্প লিখেছেন, ইরান যদি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেওয়া হুমকির বাস্তবায়ন হিসেবে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে হত্যা বা হত্যার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেবে।

তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী প্রয়োজন হলে এক বছর বা তারও বেশি সময় ধরে ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালানোর সক্ষমতা রাখে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন রয়েছে।

সম্প্রতি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেওয়া কিছু বিক্ষোভকারীর হাতে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের আহ্বানসংবলিত ব্যানার দেখা যায়। এর পরিপ্রেক্ষিতেই মার্কিন প্রেসিডেন্টের এই কঠোর বার্তা সামনে এসেছে।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। সাম্প্রতিক বিভিন্ন ঘটনা এবং পারস্পরিক অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক নতুন করে অস্থির হয়ে উঠেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন