যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি তাকে হত্যা বা হত্যার চেষ্টা করে, তাহলে দেশটির বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা চালাতে মার্কিন সেনাবাহিনীকে আগেই প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১০ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে লক্ষ্য করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।
ট্রাম্প আরও লিখেছেন, ‘ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে লক্ষ্য করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে ইরান সরকার যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট—এই ক্ষেত্রে আমাকে—হত্যা বা হত্যার চেষ্টা করার যে হুমকি দিয়েছে, তারা যদি সেটি বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ ইতোমধ্যেই দেয়া হয়েছে। প্রয়োজনে মেয়াদ বাড়ানো হতে পারে, তবে অন্তত এক বছরের জন্য মার্কিন সামরিক বাহিনী ইরানের সব এলাকায় সম্পূর্ণ ধ্বংসাত্মক হামলা চালাতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।’
এর আগে ট্রাম্প একাধিকবার দাবি করেছিলেন, তিনি ইরানের সম্ভাব্য হত্যার লক্ষ্যবস্তু। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, তার বিরুদ্ধে কোনো হামলার চেষ্টা হলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া হবে কঠোর এবং নজিরবিহীন।
এর আগে দ্য নিউইয়র্ক পোস্টকে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরান যদি তাকে হত্যা করে, তাহলে কী করতে হবে তার ‘নির্দেশনা দিয়ে রেখেছেন’ তিনি। আর তেমনটা ঘটলে চরম মাশুল গুনতে হবে তেহরানকে।
ট্রাম্প আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই ওদের হিটলিস্টে আছি। এই পরিস্থিতি সামলাতে হচ্ছে আমাদের। …আসল কথা হলো, আমি নির্দেশ দিয়ে রেখেছি—যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আক্ষরিক অর্থেই ওদের ওপর এমন মাত্রায় বোমাবর্ষণ করা হবে যা ওরা আগে কখনো দেখেনি।’
মার্কিন প্রেসিডেন্টকে হত্যা করার একটি পরিকল্পনার আগাম গোয়েন্দা তথ্য এ সপ্তাহে ইসরাইল জানিয়েছে—এমন খবরের বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানের নতুন কোনো পরিকল্পনা নেই। তবে তিন দাবি করেন, তেহরান বহু বছর ধরেই তার মৃত্যু চাইছে।
ইসরাইলের সতর্কতাকে তেমন পাত্তা দেননি ট্রাম্প। তিনি বলেন,‘না, না। ইসরাইল নতুন কিছুই পায়নি। আমি দীর্ঘদিন ধরেই (ইরানের হিটলিস্টের) এক নাম্বারে আছি। আর জীবনটাই এমন, বুঝতেই পারছেন।’ ট্রাম্প আরও বলেন, ইরান তাকে হত্যা করলে ‘আশা করি আপনারা আমাকে মিস করবেন।’

