মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

বরকলে বন্যাদুর্গতদের পাশে সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

মঈন উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বরকল উপজেলার বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন ২৯৯-রাঙামাটি আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি। শনিবার তিনি উপজেলার ভূষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত আশ্রয়কেন্দ্রে গিয়ে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
পরিদর্শনকালে দীপেন দেওয়ান আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে থাকা ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তার জন্য আর্থিক অনুদানও প্রদান করেন।
তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা সবার নৈতিক দায়িত্ব। বন্যাদুর্গতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল কাইয়ুম খান, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, কোষাধ্যক্ষ জসিমউদ্দীন, রাঙামাটি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, বরকল উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক বেপারী, সাবেক সভাপতি দিদারুল আলম, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সওদাগর, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন