নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রিন্সিপাল ১০০ শপিং মলের একটি মোবাইল ফোনের দোকানে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে কাঁচপুর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. বাবু ওরফে রবি ওরফে রনি (৪০), মো. ইছহাক ওরফে সাগর (৪২), মো. কামাল (৪০), মো. আলমগীর (৪৫), মো. জামাল (৩৮), আলাউদ্দিন (৪৫), মো. সুমন (৪১), মো. রুবেল (২৩) এবং আলামিন ওরফে বাম্বু আলামিন (২৩)। তাদের বাড়ি কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, গত ১৩ জুন সোনারগাঁয়ের প্রিন্সিপাল ১০০ শপিং মলের একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক সোনারগাঁ থানায় পেনাল কোডের ৪৫৪/৩৮০ ধারায় মামলা দায়ের করেন। এরপর থেকেই চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, আধুনিক তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে চোরচক্রটির অবস্থান নিশ্চিত করা হয়। পরে পৃথক অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই সংঘবদ্ধ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং তাদের অন্যান্য অপরাধের তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।

