বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

১৭ কোটি মানুষের সামনে শেখ হাসিনার সাজা কার্যকর হবে: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত পলাতকদের দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া রায় কার্যকর করতে সরকার কূটনৈতিক পর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

শনিবার (১১ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পলাতকদের অবস্থানরত দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কূটনৈতিক সব ধরনের প্রচেষ্টা কাজে লাগিয়ে তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়নের উদ্যোগ অব্যাহত রয়েছে।

বক্তব্যে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতের রায় হয়েছে। যারা দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন, তাদের ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা এবং আদালতের দেওয়া সাজা কার্যকর করার লক্ষ্যেই সরকার কাজ করছে।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মিনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত এবং সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন