রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সেন্সর ছাড়পত্র পেল বিজয়ের শেষ সিনেমা, শুধুই প্রাপ্তবয়স্কদের জন্য

অনলাইন ডেস্ক

দীর্ঘ অপেক্ষা ও নানা জটিলতার পর অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে থালাপতি বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জন নয়াগণ’। ছবিটি ‘এ’ (Adults Only) সার্টিফিকেট পেয়েছে, অর্থাৎ এটি শুধু প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য প্রদর্শিত হবে।

সেন্সর অনুমোদনের খবরটি নিজেই সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন বিজয়। এ উপলক্ষে প্রকাশ করা একটি পোস্টারে ‘এ সার্টিফাইড’ উল্লেখ করে তিনি লিখেছেন, খুব শিগগিরই দর্শকদের সঙ্গে সিনেমা হলে দেখা হবে। যদিও আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

তবে যুক্তরাজ্যের পরিবেশক জানিয়েছে, দেশটিতে আগামী ২৪ জুলাই ছবিটি মুক্তি পাবে। একই সময়ে ভারতে সিনেমাটি মুক্তির সম্ভাবনাও জোরালো বলে মনে করা হচ্ছে।

চলতি বছরের পোঙ্গাল উৎসবে ‘জন নয়াগণ’ মুক্তির পরিকল্পনা থাকলেও সেন্সর ছাড়পত্র না পাওয়ায় তা পিছিয়ে যায়। এরপর একাধিক প্রশাসনিক ও আনুষ্ঠানিক জটিলতায় ছবিটির মুক্তি অনিশ্চয়তার মুখে পড়ে। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।

ছবির কাহিনিতে দেখা যাবে থালাপতি ভেট্রি কন্দন নামে এক সাবেক সরকারি কর্মকর্তার জীবন। একটি কিশোরীকে দত্তক নিয়ে তাকে সাহসী ও আত্মনির্ভর হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের নিরাপত্তাকে ঘিরে এক ভয়াবহ ষড়যন্ত্রের মুখোমুখি হন তিনি। ব্যক্তিগত প্রতিশোধ, রহস্য এবং অ্যাকশননির্ভর ঘটনাপ্রবাহে এগিয়ে যায় ছবির গল্প।

এইচ বিনোদ পরিচালিত সিনেমাটিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারাইন, প্রিয়ামণি ও সুনীল। এছাড়া বিশেষ উপস্থিতিতে রয়েছেন নির্মাতা অ্যাটলি, নেলসন দিলীপকুমার ও লোকেশ কানাগারাজ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন