রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য সমাধান? গবেষণায় মিলল অজানা তথ্য

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকা বারমুডা ট্রায়াঙ্গলের ভূতাত্ত্বিক রহস্যের নতুন ব্যাখ্যা সামনে এসেছে। মার্কিন গবেষকদের এক সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে, বারমুডা দ্বীপের নিচে পৃথিবীর অন্য কোথাও এখন পর্যন্ত দেখা না-যাওয়া এক বিশেষ ধরনের ভূগঠন রয়েছে, যা দ্বীপটিকে আশপাশের সমুদ্রতলের তুলনায় অস্বাভাবিকভাবে উঁচুতে ধরে রেখেছে।

কার্নেগি সায়েন্সের ভূকম্পবিদ উইলিয়াম ফ্রেজার এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক জেফ্রি পার্কের নেতৃত্বে পরিচালিত গবেষণায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভূমিকম্প থেকে সৃষ্ট ভূকম্পীয় তরঙ্গ বিশ্লেষণ করে বারমুডার ভূগর্ভের প্রায় ২০ মাইল গভীর পর্যন্ত কাঠামো পর্যবেক্ষণ করা হয়।

গবেষণায় দেখা যায়, সমুদ্রীয় ভূত্বকের নিচে ১২ মাইলেরও বেশি পুরু, তুলনামূলকভাবে হালকা ঘনত্বের একটি শিলাস্তর রয়েছে। গবেষকদের মতে, এই স্তরটি ভেলার মতো কাজ করে বারমুডা দ্বীপ ও এর আশপাশের সমুদ্রতলকে ভাসমান অবস্থায় ধরে রেখেছে। এ কারণেই আগ্নেয়গিরিগুলো প্রায় তিন কোটি বছর আগে নিষ্ক্রিয় হয়ে গেলেও দ্বীপটি এখনও আশপাশের সমুদ্রতল থেকে প্রায় ১ হাজার ৬০০ ফুট উঁচুতে অবস্থান করছে।

সাধারণভাবে হাওয়াইয়ের মতো আগ্নেয় দ্বীপগুলো পৃথিবীর গভীর থেকে উঠে আসা উত্তপ্ত শিলাস্তম্ভ বা ‘ম্যান্টল প্লুম’-এর মাধ্যমে সৃষ্টি হয়। পরে টেকটোনিক প্লেট সরে গেলে আগ্নেয় কার্যকলাপ কমে আসে এবং সমুদ্রতল ধীরে ধীরে নিচে নেমে যায়। কিন্তু বারমুডার ক্ষেত্রে সেই স্বাভাবিক প্রক্রিয়া ঘটেনি বলেই গবেষণায় উল্লেখ করা হয়েছে।

গবেষকদের ধারণা, কোটি কোটি বছর আগে আগ্নেয়গিরির সক্রিয় সময়ে কার্বনসমৃদ্ধ গলিত শিলা ভূত্বকের নিচে প্রবেশ করে ঠান্ডা হয়ে এই অস্বাভাবিক শিলাস্তর তৈরি করেছিল।

গবেষণার প্রধান গবেষক উইলিয়াম ফ্রেজার বলেন, বারমুডার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রচলিত ম্যান্টল প্লুম তত্ত্ব দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। এটি ইঙ্গিত দেয় যে, পৃথিবীর অভ্যন্তরে আরও জটিল কিছু প্রক্রিয়া কাজ করছে, যা নিয়ে ভবিষ্যতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

গবেষণার ফলাফল সম্প্রতি বিজ্ঞানবিষয়ক সাময়িকী Geophysical Research Letters-এ প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, বারমুডা ট্রায়াঙ্গল হলো উত্তর আটলান্টিক মহাসাগরের একটি বহুল আলোচিত ত্রিভুজাকৃতির সমুদ্রাঞ্চল, যার তিনটি প্রান্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, বারমুডা দ্বীপ এবং পুয়ের্তো রিকোকে সংযুক্ত করে। বহু বছর ধরে জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার নানা ঘটনার কারণে এই অঞ্চলকে ঘিরে নানা রহস্য ও জনশ্রুতি প্রচলিত রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন