অভিনয়জীবনে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার অভিনীত ‘মা ইন্তি বাঙ্গারাম’ তেলুগু চলচ্চিত্রের ইতিহাসে প্রথম নারীপ্রধান সিনেমা হিসেবে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে।
ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওর মাধ্যমে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামান্থা। ভিডিওতে দেখা যায়, তিনি বসে থাকার সময় রাজ নিদিমরু একটি আইপ্যাড এনে দেন। সেটি খুলতেই ছবির ১০০ কোটি রুপি আয় করার ঘোষণা দেখতে পান অভিনেত্রী। খবরটি দেখে উচ্ছ্বাসে ভরে ওঠে তার মুখ।
পোস্টে সামান্থা জানান, মুক্তির আগে ছবিটির সাফল্য নিয়ে তিনি যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন। দর্শক সিনেমাটি কীভাবে গ্রহণ করবেন, প্রচারণা তাদের কাছে পৌঁছাচ্ছে কি না—এসব ভাবনা তাকে ঘিরে ছিল। তবে শেষ পর্যন্ত দর্শকদের ভালোবাসাই তার সব দুশ্চিন্তার অবসান ঘটিয়েছে।
নারীকেন্দ্রিক চলচ্চিত্রের সাফল্য নিয়ে প্রচলিত ধারণা বদলানোর আশা প্রকাশ করে সামান্থা বলেন, প্রকৃত পরিবর্তন আসে তখনই, যখন কেউ নতুন কিছু করার সাহস দেখায়। তার বিশ্বাস, ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর এই অর্জন ভবিষ্যতে নারীপ্রধান সিনেমা নির্মাণ ও প্রদর্শনের ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে।
এর আগে তেলুগু ভাষার নারীপ্রধান চলচ্চিত্রের সর্বোচ্চ আয় ছিল কীর্তি সুরেশ অভিনীত ‘মহনতি’-র দখলে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৮৩ কোটি রুপি আয় করেছিল। সেই রেকর্ড ভেঙে এবার নতুন ইতিহাস লিখল সামান্থার ‘মা ইন্তি বাঙ্গারাম’।

