রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

অর্থ পাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র

নিউজ ডেস্ক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আলোচিত রামমূর্তি নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা হরিদাস চন্দ্র ওরফে তরুণী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ কালি মন্দির এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সিআইডি একটি অর্থ পাচার মামলার তদন্তের অংশ হিসেবে হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হরিদাস চন্দ্র দীর্ঘদিন ভারতে থাকার পর ২০২৪ সালে নিজ গ্রামে ফিরে আসেন। এরপর তিনি পুরোনো কালীমন্দির সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেন। পরে মন্দিরের নাম পরিবর্তন করে ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ কালি মন্দির’ রাখা হয় এবং সেখানে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণকাজ শুরু করেন।

মূর্তি নির্মাণে অর্থের উৎস নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হলে বিভিন্ন সংগঠন তার বিরুদ্ধে তদন্ত, গ্রেপ্তার এবং নির্মাণকাজের অর্থায়নের উৎস অনুসন্ধানের দাবি জানায়।

এর আগে ২০২২ সালের নভেম্বরে রাজধানীর বনানী এলাকা থেকে হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করেছিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‌্যাবের যৌথ দল। সে সময় তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পরিবারের প্রটোকল কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে বদলি বাণিজ্য, টেন্ডার জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, পরবর্তীতে তিনি ধর্মান্তরিত হয়ে ‘তাওহীদ ইসলাম’ নাম গ্রহণ করেন এবং রাজধানীতে ব্যবসার আড়ালে বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ গ্রেপ্তারের ঘটনায় মানি লন্ডারিং মামলার তদন্তের অংশ হিসেবে তার আর্থিক লেনদেন ও সম্পদের উৎস খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন