বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

বন্যাকবলিত এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১১ জেলার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বন্যা পরিস্থিতিতে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন্যাদুর্গত অঞ্চলে গৃহীত স্বাস্থ্য কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যাকবলিত এলাকাগুলোতে চিকিৎসাসেবা জোরদার করতে প্রয়োজনীয় জনবল প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি জরুরি ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে।

তিনি জানান, এখন পর্যন্ত সাপের কামড়ে আক্রান্ত ৯৫ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় বন্যাপ্রবণ সব এলাকায় পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত বন্যাকবলিত কোনো জেলায় কলেরা সংক্রমণের তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। এসব কার্যক্রম শেষ হওয়ার পর পুনরায় হাসপাতাল পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন