রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

নিউজ ডেস্ক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর সাংগঠনিক নীতির আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মূল প্রতিবেদন:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার (১৩ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় এক নেতা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে প্রায় দুই মাস আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়। গত ১ মে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত জামায়াতের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে তার প্রার্থিতার ঘোষণা দেওয়া হয়।

প্রার্থিতা ঘোষণার পর ছাত্রশিবির জানায়, সংগঠনের নীতিমালা অনুযায়ী ছাত্রশিবিরের কোনো পদে থেকে রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ জানান, চলতি সাংগঠনিক সেশনের ষান্মাসিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সাদিক কায়েমসহ কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন সম্পাদক সাংগঠনিক ছুটিতে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

বর্তমানে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় মাঠপর্যায়ে সমন্বয়ের দায়িত্ব পালন করে আলোচনায় আসেন তিনি।

খাগড়াছড়ির বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদরাসা থেকে ২০১৪ সালে দাখিল এবং বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা থেকে ২০১৬ সালে আলিম পাস করেন সাদিক কায়েম। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন