রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

এআই ক্যামেরার পর ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি আনছে ডিএমপি

নিউজ ডেস্ক

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করতে উচ্চমূল্যের এআই ক্যামেরার পরিবর্তে কম খরচের ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নতুন এই ব্যবস্থার মাধ্যমে দ্রুত রাজধানীর আরও বিস্তীর্ণ এলাকাকে ডিজিটাল নজরদারির আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এক সাক্ষাৎকারে জানান, বর্তমানে ব্যবহৃত এআই ক্যামেরাগুলো কার্যকর হলেও সেগুলোর স্থাপন ও পরিচালনা ব্যয় তুলনামূলক বেশি। তাই কম খরচে নজরদারির পরিধি বাড়াতে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তির ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার ভাষ্য, নতুন ক্যামেরাগুলো ট্রাফিক আইন বাস্তবায়নে সহায়ক হবে এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে এসব ক্যামেরার সংখ্যা বাড়ানো হলে রাজধানীর আরও বেশি এলাকা নজরদারির আওতায় আসবে।

আনিছুর রহমান বলেন, এআই ক্যামেরা চালুর মাত্র দুই মাসের মধ্যেই নাগরিকদের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অনেক চালক ও পথচারী এখন স্বেচ্ছায় ট্রাফিক আইন মেনে চলছেন এবং সিগন্যাল অনুসরণ করছেন। ফলে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার কার্যকারিতা ইতোমধ্যেই দৃশ্যমান হতে শুরু করেছে।

তিনি জানান, ঢাকার যানজটের অন্যতম কারণ মিশ্র যানবাহনের চলাচল, অনিয়ন্ত্রিত অটোরিকশা, যানবাহনের অতিরিক্ত চাপ এবং মানসম্মত গণপরিবহনের অভাব। পাশাপাশি যত্রতত্র রাস্তা পারাপারের প্রবণতাও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, রাজধানীর কোথায় এবং কোন সময়ে যানজট বেশি হয়, সে বিষয়ে ট্রাফিক বিভাগের পর্যাপ্ত তথ্য রয়েছে। সেই অনুযায়ী সদস্য মোতায়েন করা হয়। বর্তমানে শহরের প্রায় ২৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ২৪ ঘণ্টা ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, শুধু জনবল দিয়ে দীর্ঘমেয়াদে ট্রাফিক নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই ভবিষ্যতের চাহিদা বিবেচনায় বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতেই নতুন এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন