রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ইরানে নতুন করে হামলার খবরে ১৩ শতাংশের বেশি বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। আনাদোলু এজেন্সির মঙ্গলবারের হিসাবে দাম ব্যারেলপ্রতি ৮৫ ডলার অতিক্রম করেছে, যা প্রায় এক মাসের মধ্যে সর্বোচ্চ।

মঙ্গলবার জিএমটি সকাল ৬:৩৫ পর্যন্ত আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ২.৪ শতাংশ বেড়ে যায়। সপ্তাহের শুরু থেকে এ পর্যন্ত তেলের দাম মোট ১৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের সর্বশেষ পাঁচ ঘণ্টার সামরিক অভিযানে ইরানের দক্ষিণ উপকূলের একাধিক সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ছিল।

সেন্টকমের তথ্য অনুযায়ী, হামলাগুলো বুশেহর, চাবাহার, জাস্ক, কোনারাক, আবু মুসা এবং বন্দর আব্বাস এলাকায় পরিচালিত হয়। তাদের দাবি, বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা দুর্বল করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালির সঙ্গে সংশ্লিষ্ট ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করেই এই অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি তেহরানের সঙ্গে ব্যবসা করা জাহাজ এবং ইরানের বিরুদ্ধে অবরোধ পুনর্বহালের কথাও উল্লেখ করেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন