নিউজ ডেস্ক
বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও ফ্রান্স। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল।
শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, ম্যাচটি ফ্রান্সের জন্য প্রতিশোধেরও। কারণ সর্বশেষ দুই বড় আসরের সেমিফাইনালে—২০২৪ ইউরো ও ২০২৫ উয়েফা নেশনস লিগে—স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ‘লে ব্লু’দের। সেই হতাশা কাটিয়ে এবার জয়ের লক্ষ্যেই মাঠে নামবে দিদিয়ের দেশমের দল।
চলতি বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। ছয় ম্যাচে দাপুটে পারফরম্যান্সের পাশাপাশি নকআউট পর্বে প্যারাগুয়ে ও মরক্কোকে হারিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত এমবাপে-দেম্বেলেরা।
অন্যদিকে স্পেনও টুর্নামেন্টে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে। পাঁচটি জয় তুলে নেওয়ার পাশাপাশি পুরো আসরে মাত্র একটি গোল হজম করেছে লা রোজা। তবে আক্রমণভাগ এখনো প্রত্যাশিত ধার দেখাতে পারেনি। তাই ফ্রান্সের বিপক্ষে ম্যাচটিকেই তাদের সবচেয়ে কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
ফ্রান্সের আক্রমণের মূল ভরসা কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে ও মাইকেল অলিজে। অন্যদিকে স্পেন গোলের দায়িত্ব তুলে দেবে তরুণ বিস্ময় লামিন ইয়ামাল, দানি ওলমো এবং মিকেল ওইয়ারসাবালের কাঁধে। বড় ম্যাচে ইয়ামালের কাছ থেকে বিশেষ কিছু পাওয়ার আশায় আছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
সম্ভাব্য একাদশ
স্পেন: উনাই সিমন; পেদ্রো পোরো, পাও কুবার্সি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি, ফাবিয়ান রুইজ; লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা; মিকেল ওইয়ারসাবাল।
ফ্রান্স: মাইক মেইনিয়ান; জুল কুন্দে, দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিন; কোনোয়ে, আদ্রিয়েন রাবিও; উসমান দেম্বেলে, মাইকেল অলিজে, দেজিরে দুয়ে; কিলিয়ান এমবাপে।
ফুটবল বিশ্লেষকদের মতে, টুর্নামেন্টে এখন পর্যন্ত এটিই দুই দলের সবচেয়ে বড় পরীক্ষা। সাম্প্রতিক লড়াইগুলোতে স্পেনের দাপট থাকলেও এবারের সেমিফাইনালে ফ্রান্সকে সামান্য এগিয়ে রাখছেন অনেক বিশেষজ্ঞ। ফলে ফাইনালের আগে এই মহারণে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

