নিউজ ডেস্ক
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ, মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে তারা জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হয়ে অধিবেশন চলাকালে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রথমে পুলিশ আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে সরে যেতে অনুরোধ করে। তবে একপর্যায়ে শিক্ষার্থীদের একটি অংশ সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।
ঘটনার সময় কিছু আন্দোলনকারী পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপের চেষ্টা করেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের জাতীয় সংসদ ভবনের প্রধান ফটক এলাকা থেকে আসাদ গেট পর্যন্ত সরিয়ে দেয়।
উল্লেখ্য, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

