প্রবল ভারী বর্ষণে প্লাবিত রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি।
মঙ্গলবার (১৪ জুলাই) তিনি বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, জেলা পরিষদের সদস্য ড্যানিয়েল পাঙ্খোয়া, বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে বিলাইছড়ি উপজেলা পরিষদে সংসদ সদস্যের কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। সভায় বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এবং দ্রুত পুনর্বাসনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় দায়িত্ব। তিনি দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন

