রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বনানীর এফ ব্লকের কয়েকটি সড়ক কার্যত বনানী থানার জব্দ করা যানবাহন রাখার স্থানে পরিণত হয়েছে। রাস্তার একাংশজুড়ে দুর্ঘটনাকবলিত, জব্দ ও মামলার আলামত হিসেবে সংরক্ষিত গাড়ি রেখে দেওয়ায় সংকুচিত হয়ে পড়েছে সড়ক। এতে প্রতিদিন সকাল-সন্ধ্যায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা, অফিসগামী মানুষ ও পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, বনানীর এফ ব্লকের ৭ নম্বর সড়কে দূর থেকে মনে হয় যানজটের কারণে যানবাহন থমকে আছে। কিন্তু কাছে গিয়ে দেখা যায়, রাস্তার একপাশজুড়ে সারিবদ্ধভাবে রাখা হয়েছে বনানী থানার জব্দ করা বিভিন্ন ধরনের যানবাহন। ফলে কার্যত রাস্তার প্রায় এক-তৃতীয়াংশ দখল হয়ে গেছে। এতে যানবাহনের চলাচলের জন্য অবশিষ্ট অংশে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই একই চিত্র বিরাজ করছে। ব্যস্ত সময়ে ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন ও জরুরি সেবার যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে। অনেক সময় পথচারীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, থানার নিজস্ব কোনো সংরক্ষণাগার বা পর্যাপ্ত জায়গা না থাকায় দুর্ঘটনাকবলিত, জব্দ এবং বিভিন্ন মামলার আলামত হিসেবে রাখা যানবাহন বাধ্য হয়েই থানার আশপাশের সড়কে রাখতে হচ্ছে। পর্যাপ্ত জায়গা থাকলে এই সমস্যার সৃষ্টি হতো না।
এদিকে সমস্যাটির স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, জব্দ করা যানবাহন সংরক্ষণের জন্য পৃথক জায়গার ব্যবস্থা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
বিশেষজ্ঞদের মতে, রাজধানীর বিভিন্ন থানায় জব্দ করা যানবাহন সংরক্ষণের জন্য কেন্দ্রীয় ইমপাউন্ড ইয়ার্ড বা নির্ধারিত ডাম্পিং এলাকা না থাকায় বছরের পর বছর সড়কই অস্থায়ী সংরক্ষণস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে একদিকে যেমন নগরীর যান চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে সড়ক ব্যবস্থাপনার ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।
শুধু বনানী নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীন বেশিরভাগ থানার আশপাশের সড়কেও একই চিত্র দেখা যায়। রাজধানীর বিভিন্ন এলাকায় থানার সামনে বা পাশের সড়কে দীর্ঘদিন ধরে পড়ে থাকা জব্দ যানবাহনের কারণে সংকুচিত হচ্ছে সড়ক, বাড়ছে যানজট এবং নগরবাসীর দুর্ভোগ।
নগর পরিকল্পনাবিদদের মতে, রাজধানীতে যানজট নিরসন এবং সড়কের স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি থানার জন্য পৃথক যানবাহন সংরক্ষণাগার বা কেন্দ্রীয় ইমপাউন্ড ইয়ার্ড গড়ে তোলা জরুরি। পাশাপাশি দীর্ঘদিন ধরে পড়ে থাকা মামলাসংশ্লিষ্ট যানবাহনের নিষ্পত্তি দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিলেও এ সমস্যা অনেকাংশে কমে আসবে।

