বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আবাসন ও নগর উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন গণপূর্তমন্ত্রী

নিউজ ডেস্ক

বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ সহযোগিতার আহ্বান জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি আবাসন খাতের উন্নয়ন, জাতীয় বিল্ডিং কোড, টেকসই নগর উন্নয়ন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতকরণ এবং পাবলিক প্লেস ও পার্কের উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের হাউজিং খাতের উন্নয়নে কাজ করতে আগ্রহী।

এ সময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভূমিকম্পজনিত ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ আর্থকোয়েক সেফটি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (BESRI) প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা কামনা করেন। জবাবে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন, যুগ্ম সচিব আবুল বাকের মো. তৌহিদ এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

মার্কিন প্রতিনিধিদলের মধ্যে পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জশ পোপ এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি শাখার কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন