রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ-কেয়া পায়েল

নিউজ ডেস্ক

প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে ঢালিউড তারকা আরিফিন শুভ ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে। ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ নতুন এই জুটিকে নিয়ে আসছেন নির্মাতা জাহিদ প্রীতম।

চলচ্চিত্রটি চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ (এমওএল) প্রকল্পের সপ্তম সিনেমা। এতে সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে আবারও চরকির কনটেন্টে ফিরছেন আরিফিন শুভ। অন্যদিকে, এটি কেয়া পায়েলের প্রথম চরকি প্রজেক্ট।

নির্মাতা জাহিদ প্রীতম জানান, সমকালীন জীবন, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘হ্যাপিলি ম্যারিড’-এর গল্প। তার ভাষায়, ভিন্ন মানসিকতা ও প্রজন্মের দুই মানুষের সম্পর্কের টানাপোড়েনই সিনেমার মূল উপজীব্য।

এ সিনেমায় প্রচলিত অ্যাকশনধর্মী বা শক্তিশালী নায়ক চরিত্রের বাইরে এক ভিন্ন রূপে হাজির হবেন আরিফিন শুভ। ‘আনিস’ চরিত্রে অভিনয় করা শুভ বলেন, এটি রোমান্টিক-কমেডি ঘরানার একটি কাজ এবং তার অভিনয়জীবনের অন্যতম ব্যতিক্রমী চরিত্র। দর্শক তাকে এবার একেবারেই নতুনভাবে দেখতে পাবেন বলেও জানান তিনি।

অন্যদিকে কেয়া পায়েল অভিনয় করেছেন ‘অনামিকা’ চরিত্রে। সামাজিক যোগাযোগমাধ্যম, সেলিব্রিটি সংস্কৃতি ও আধুনিক নগরজীবনের প্রভাব ঘিরে গড়ে উঠেছে তার চরিত্র। নতুন এই কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কেয়া বলেন, আরিফিন শুভর সঙ্গে প্রথমবার কাজ করা, চরকিতে অভিষেক এবং জাহিদ প্রীতমের পরিচালনায় অভিনয়ের সুযোগ—সব মিলিয়ে এটি তার জন্য বিশেষ একটি অভিজ্ঞতা।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের প্রতিটি গল্পের মতো ‘হ্যাপিলি ম্যারিড’-ও সম্পর্কের নতুন একটি দিক দর্শকদের সামনে তুলে ধরবে।

গল্পের অভিনবত্বের কারণেই সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তিনি বলেন, দুই ভিন্ন মানসিকতার মানুষের সম্পর্ক, দ্বন্দ্ব ও বোঝাপড়ার গল্পটি তাকে আকৃষ্ট করেছে। একই সঙ্গে শুভ ও কেয়া পায়েলকে সম্পূর্ণ নতুন রূপে দেখতে পাবেন দর্শক।

উল্লেখ্য, চরকিতে আরিফিন শুভর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত কাজ ছিল ২০২৩ সালের ‘উনিশ২০’। আর ‘ঘুমপরী’র পর ‘হ্যাপিলি ম্যারিড’ নিয়ে দ্বিতীয়বারের মতো চরকিতে ফিরছেন নির্মাতা জাহিদ প্রীতম।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন