চুয়াডাঙ্গার দামুড়হুদায় আটটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার মুন্সিপুর গ্রাম থেকে ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়; যার বাজার মূল্য প্রায় এক কোটি ৭৬ লাখ টাকা।
আটক মিজানুর রহমান দামুড়হুদা পীরপুরকুল্লা গ্রামের সোলেমান মোল্লার ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টল দল অবস্থান নেয়। দুপুরে এক ব্যক্তি মোটরসাইকেলে কার্পাসডাঙ্গা বাজার থেকে মুন্সিপুর সীমান্ত এলাকার দিকে যাচ্ছিলেন। মুন্সিপুর বিওপির সামনে পৌঁছালে মোটরসাইকেল চালককে দাঁড়ানোর সিগন্যাল দেয় বিজিবি।
পরে তার দেহ তল্লাশি করে কোমরে স্কচটেপ দিয়ে মোড়ানো আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

