রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ

নিউজ ডেস্ক

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে ব্যর্থ হয়ে বর্তমান সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিচার, সংস্কার ও নির্বাচনের যে তিন দফা দাবি ছিল, তার মধ্যে নির্বাচন হলেও বিচার ও সংস্কারের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।

নাহিদ ইসলাম বলেন, শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা হলেও তা এখনও কার্যকর হয়নি। শুধু এ মামলাই নয়, অন্যান্য মামলার রায়ও দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

তিনি দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও সরকার সেই রায়ের প্রতিফলন ঘটায়নি। তার ভাষায়, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি কেবল মৌখিক পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে। পাশাপাশি সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সরকারকে তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জুলাই-সংশ্লিষ্ট অন্যান্য মামলার বিচার দ্রুত শেষ করে রায় কার্যকরেরও দাবি জানান তিনি।

সরকার ও বিরোধী দল যৌথভাবে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, সরকার যদি আন্তরিকভাবে সংস্কার, বিচার, ফ্যাসিবাদের অবসান এবং স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠায় এগিয়ে আসে, তাহলে এনসিপি সর্বাত্মক সহযোগিতা করবে। তবে সরকারের বর্তমান কর্মকাণ্ডে সে ধরনের আন্তরিকতার প্রতিফলন দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, গণভোটের রায়ের ভিত্তিতেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সরকার যদি নিজেদের ‘নোট অব ডিসেন্ট’-এর আলোকে তা বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে সেখানে এনসিপির কোনো সহযোগিতা বা অংশগ্রহণ থাকবে না।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন