বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়ভাবে মেধাভিত্তিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষার মান পুনরুদ্ধারে সরকার কোনো ধরনের আপস করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজনের পাশাপাশি অতীতের ‘অটোপাস’ কিংবা ঢালাওভাবে নম্বর বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি থেকে দেশকে স্থায়ীভাবে বের করে আনতে সরকার বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার মান ক্ষুণ্ন হয়—এমন কোনো দাবি বা অপসংস্কৃতিকে সরকার প্রশ্রয় দেবে না। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হলেও এর পেছনে সরকারকে বিব্রত করতে একটি নির্দিষ্ট মহলের উসকানি রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই প্রকৃত পরীক্ষার্থী বা শিক্ষার্থী নন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগ তদন্তে শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের যথাযথ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের যে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, সেগুলোকে ‘ডিইনফরমেশন’ বা অপপ্রচার বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতে একজন এবং ভারতে তিনজনসহ মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে শহীদ ওসমান শরীফ হাদি হত্যা মামলার আসামিও রয়েছেন।

তিনি বলেন, ইউএই সরকারের অনুরোধ পাওয়ার তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় আইনি নথি ও গ্রেপ্তারি পরোয়ানার কপি পাঠানো হয়েছে। একইভাবে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় সেখানে আটক আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও এগিয়ে চলছে। স্থানীয় আদালতে অন্য মামলা থাকলেও চুক্তি অনুযায়ী প্রত্যর্পণ সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

জুলাই-আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচারী সরকারের পতনের সময় হাসপাতালের নথি গায়েব, চিকিৎসায় বাধা এবং লাশ গুমের অভিযোগের কারণে প্রকৃত সংখ্যা নির্ধারণে জটিলতা তৈরি হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে শহীদের সংখ্যা প্রায় ১ হাজার ৪০০ উল্লেখ করা হলেও সরকারের ধারণা, এ সংখ্যা ২ হাজারেরও বেশি। ডিএনএ পরীক্ষা ও গণকবর অনুসন্ধানের মাধ্যমে নিখোঁজদের পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে।

তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে ১৫ হাজারের বেশি শহীদ ও আহত ব্যক্তির গেজেট ও তালিকা প্রস্তুত করেছে। আহতদের ক, খ ও গ—এই তিন শ্রেণিতে ভাগ করে চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ষাকাল শেষ হলে আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ বৈঠক করে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের প্রত্যাশা পূরণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তিনি জানান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন