বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

পাঁচ ইউরোপীয় কূটনীতিকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-চার্লে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কারস্টেন। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে দীর্ঘদিনের বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক, ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা এবং এভিয়েশন খাতে অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মত বিনিময় করে।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পারস্পরিক আস্থা, সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

অন্যদিকে ইউরোপীয় কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে তাদের নিজ নিজ দেশের বহুমাত্রিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। বৈঠকে ভবিষ্যতে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করে যৌথভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন