বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে আসছে পরিবর্তন। নতুন নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতির পর তিনি আনুষ্ঠানিকভাবে বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে তিনি ভাইস অ্যাডমিরাল পদে উন্নীত হওয়ার পাশাপাশি নৌবাহিনীর সর্বোচ্চ দায়িত্ব গ্রহণ করবেন।
দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি বর্তমান নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন। নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

