বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বন্যাদুর্গতদের স্বাভাবিক জীবনে ফেরাতে পুনর্বাসন শুরু: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক

চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও শুরু করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দুর্গতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ত্রাণ বিতরণের পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) পতেঙ্গায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে ইতোমধ্যে এক লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, দুর্গত মানুষের জন্য চাল, রান্না করা খাবার এবং শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, বন্যার পানিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে মেরামত কাজ শুরু হয়েছে।

ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী পতেঙ্গা থেকে চন্দনাইশে যান। পরে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন