রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার দাবি সাইফুল হকের

নিউজ ডেস্ক

বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে স্বাধীন, কার্যকর ও নিরপেক্ষভাবে পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একই সঙ্গে জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে গৃহীত সংস্কার প্রস্তাবগুলো দ্রুত আইনে পরিণত করার দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (১৮ জুলাই) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, বিচার বিভাগে রাজনীতিকীকরণের অবসান ঘটিয়ে এমন একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে ক্ষমতার পরিবর্তনের পর কোনো রাজনৈতিক দলই বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না পায়।

তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিএনপিসহ সব রাজনৈতিক শক্তির উচিত বিচার বিভাগের কাঠামো এমনভাবে গড়ে তোলা, যা জনগণের আস্থা অর্জনে সক্ষম হবে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে।

বিগত সময়ে বিরোধী রাজনৈতিক দলগুলো বিচারিক বৈষম্য ও নানা ধরনের অবিচারের শিকার হয়েছে উল্লেখ করে সাইফুল হক বলেন, বর্তমান সরকারের দায়িত্ব হলো বিচার বিভাগের ওপর সব ধরনের প্রভাব ও নিয়ন্ত্রণের অবসান ঘটিয়ে বিচারকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা।

জুলাই সনদের বিষয়ে তিনি বলেন, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে আন্তরিক হতে হবে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে গৃহীত সংস্কার প্রস্তাবগুলো দ্রুত আইনে রূপ দিয়ে কার্যকর করার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন