প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সুরক্ষা এবং প্রশাসনিক সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে বলে দাবি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
শনিবার (১৮ জুলাই) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের পাঁচ মাসের কার্যক্রম ও অর্জন তুলে ধরেন কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
তিনি বলেন, একটি ভঙ্গুর অর্থনীতি ও ক্ষতিগ্রস্ত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের কঠিন চ্যালেঞ্জ নিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করলেও স্বল্প সময়েই বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জন করা সম্ভব হয়েছে।
মাহ্দী আমিন জানান, বর্তমানে দেশের মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়া গত মার্চ মাসে রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ১২ লাখ ক্ষুদ্র কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি ৫৫ লাখ পরিবারের জন্য ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ, ফ্রিল্যান্সারদের আইডি কার্ড, স্টার্টআপ তহবিল গঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য বিশেষ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতে সরকারের পরিকল্পনার বিষয়ে মুখপাত্র জানান, এক লাখ জনবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ৮০ শতাংশ নারী। এছাড়া সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, উপজেলা হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ইউনিট গঠনের পরিকল্পনাও বাস্তবায়নাধীন রয়েছে।
তিনি আরও জানান, গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারে উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শিক্ষা খাতে নেওয়া উদ্যোগগুলোর মধ্যে রয়েছে স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা, মিড-ডে মিল চালু, নতুন পাঠ্যপুস্তক প্রণয়ন এবং ছাত্রীদের জন্য অনার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষা। একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি হিসেবে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মাহ্দী আমিন বলেন, অর্থনীতির পুনরুদ্ধার, স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি পুনর্গঠনের লক্ষ্য নিয়ে সরকার ‘রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন’ কৌশল বাস্তবায়ন করছে।

