ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরি। বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে তার বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ার মধ্যেই সামাজিক মাধ্যমে নতুন কিছু ছবি প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেন পূজা চেরি। ছবিতে সাদা রঙের ওপর সবুজ ও নীল নকশার সালোয়ার-কামিজে প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায় অভিনেত্রীকে। খোলা চুলে তার স্বাভাবিক উপস্থিতি ভক্তদের নজর কাড়ে।
ছবির ক্যাপশনে পূজা লেখেন, ‘Becoming a better version of myself, one smile at a time’—অর্থাৎ, প্রতিটি হাসির মাধ্যমে নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলছেন তিনি।
ছবি প্রকাশের পরপরই পোস্টটিতে হাজারো প্রতিক্রিয়া ও অসংখ্য মন্তব্য জমা পড়ে। ভক্তরা অভিনেত্রীর নতুন লুকের প্রশংসায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর।
এদিকে শোবিজ অঙ্গনে এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পূজা চেরির বাগদানের গুঞ্জন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি রহস্যময় স্টোরিকে ঘিরে এ আলোচনা আরও জোরালো হয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি অভিনেত্রী।
বাগদানের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে এর আগে এক পডকাস্টে পূজা চেরি জানিয়েছিলেন, তিনি বর্তমানে বিবাহিত নন। যদিও পারিবারিকভাবে একসময় তার বাগদান সম্পন্ন হয়েছিল। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে বিয়ে করলে সেটি গোপনে নয়, সবার সামনে জানিয়েই নতুন জীবনের সূচনা করবেন।

