বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

বিগত শেখ হাসিনা সরকারের আমলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়ায় প্রায় ১৪০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ফিফাকে চুক্তির সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হলেও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে এই দুর্নীতি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে উঠে এসেছে।

রোববার (১৯ জুলাই) সচিবালয়ে ২০২৬ বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জহির উদ্দিন স্বপন বলেন, ২০২২ সালের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে কেনা হলেও পুরো প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়ম হয়েছে। অন্যদিকে ২০২৬ বিশ্বকাপের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল, জনগণের অর্থ ব্যয় না করে সম্প্রচারের ব্যবস্থা করতে হবে।

তিনি জানান, সেই নির্দেশনা অনুযায়ী ফিফার কাছ থেকে ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে সম্প্রচার স্বত্ব কিনে চারটি গণমাধ্যমে বিশ্বকাপের খেলা সম্প্রচার করা হয়েছে। পুরো আয়োজনে সামান্য ৩ থেকে ৪ কোটি টাকার ঘাটতি থাকতে পারে, যা বিজ্ঞাপন থেকে অর্জিত আয় দিয়েই সমন্বয় করা সম্ভব হবে। ফলে এবার সরকারি কোষাগার থেকে কার্যত কোনো অর্থ ব্যয় হয়নি বলেও দাবি করেন তিনি।

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচার সংক্রান্ত অভিযোগের বিষয়ে তথ্যমন্ত্রী জানান, বিটিভির মাধ্যমে সংঘটিত বলে অভিযোগ ওঠা ১৪০ কোটি টাকার অনিয়মের ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠানো হবে।

তিনি বলেন, তদন্তে যদি অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এ ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতেই চলবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন