বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক ব্যবহারকারীরা রোববার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমটিতে প্রবেশে সমস্যার মুখে পড়েছেন। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তারা নিজেদের অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না এবং নিউজ ফিডও স্বাভাবিকভাবে লোড হচ্ছে না।
লগইনের চেষ্টা করলে অনেকের স্ক্রিনে “Account Temporarily Unavailable” বার্তা দেখা যাচ্ছে। সেখানে উল্লেখ করা হয়েছে, সাইট-সংক্রান্ত একটি সমস্যার কারণে অ্যাকাউন্টটি সাময়িকভাবে অপ্রাপ্য রয়েছে এবং কিছু সময় পর আবার চেষ্টা করতে বলা হয়েছে।
ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম Downdetector-এর তথ্যেও একই চিত্র উঠে এসেছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ফেসবুক নিয়ে অভিযোগের সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায়। অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছিল ওয়েবসাইট ব্যবহারে সমস্যা (৩২ শতাংশ), এরপর লগইন-সংক্রান্ত জটিলতা (২৬ শতাংশ) এবং নিউজ ফিড বা টাইমলাইন লোড না হওয়ার অভিযোগ (২২ শতাংশ)।
বিভ্রাটের পর অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ গিয়ে #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। কেউ কেউ ত্রুটির বার্তার স্ক্রিনশটও প্রকাশ করেন।
তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। ফলে বিভ্রাটের কারণ কিংবা কখন পুরোপুরি সেবা স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশ্বজুড়ে ব্যবহারকারীরা দ্রুত সমস্যার সমাধানের অপেক্ষায় রয়েছেন।

