বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বিসিএস কর্মকর্তাদের স্বরাষ্ট্রমন্ত্রী: শাসক নয়, জনগণের সেবক হয়ে কাজ করুন

নিউজ ডেস্ক

সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি উল্লেখ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে। বর্তমান সরকারের প্রতি জনগণের উচ্চ প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সিভিল সার্ভিসের সদস্যরা সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত একটি শ্রেণি। তাই নিজেদের শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে এবং জনকল্যাণকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরও বলেন, কেবল আনুষ্ঠানিকতা রক্ষার জন্য কর্মশালা বা কর্মসূচি আয়োজনের কোনো অর্থ নেই, যদি সেগুলোর সুফল সাধারণ মানুষের কাছে না পৌঁছায়। সরকারি কার্যক্রমের মূল লক্ষ্য হতে হবে জনগণের জীবনমান উন্নয়ন।

দেশে কার্যকর নীতিনির্ধারণের জন্য নির্ভরযোগ্য তথ্যভিত্তিক পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন জাতীয় পরিসংখ্যান বিকৃত করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন ও মাথাপিছু আয়ের মতো গুরুত্বপূর্ণ সূচকে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগ তুলে তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের প্রয়োজনীয়তার কথা বলেন।

অর্থনৈতিক ভিত্তি আরও সুদৃঢ় করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে কেন্দ্র করে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন