বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেট থেকে ১৬ কেজি স্বর্ণের বার জব্দ

নিউজ ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আনুমানিক ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার (১৯ জুলাই) দুপুরে কার্গো ভিলেজের ৯ নম্বর গেট এলাকায় খালাসের অপেক্ষায় থাকা একটি ফলের চালানে অভিযান চালিয়ে কচটেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিজিএফআই সদস্যরা কার্গো ভিলেজের আমদানি শাখায় অভিযান পরিচালনা করেন। পরে ঢাকা কাস্টমসের কর্মকর্তাদের উপস্থিতিতে ফলের ক্যারেটটি খুলে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ক্যারেটের নিচের কাঠের ফাঁপা অংশে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বারগুলো কচটেপে মোড়ানো ছিল এবং এমনভাবে রাখা হয়েছিল যাতে সাধারণ তল্লাশিতে সহজে ধরা না পড়ে।

জানা গেছে, হংকং থেকে ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইটে ফলের চালানটি দেশে আসে। চালানটি ফুডলিঙ্ক নামের একটি প্রতিষ্ঠানের নামে আমদানি করা হয়েছিল।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অভিনব কৌশলে স্বর্ণ চোরাচালানের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন