জুলাইয়ের চেতনা ও গণ-আকাঙ্ক্ষাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দীর্ঘদিন রাজনীতি টিকিয়ে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নতুন বন্দোবস্তের কথা বলে পুরোনো ধারার রাজনীতিতে ফিরে গেলে জনগণ তা মেনে নেবে না।
রোববার (১৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘রক্তস্নাত জুলাই; কোন পথে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সংবিধান সংশোধন কমিটি, শিক্ষক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা হবে।
তিনি দাবি করেন, অতীতে রাজনৈতিক সমঝোতা ছাড়াই ছলচাতুরির মাধ্যমে গণভোট আয়োজন করা হয়েছিল, যা সংবিধানের চেতনা ও স্বীকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র সংস্কার অবশ্যই সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়েই হতে হবে। সংবিধানের বাইরে গিয়ে টেকসই সংস্কার সম্ভব নয়।
তিনি আরও বলেন, যারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি তুলছেন, তাদের অনেকেই সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমে অংশ নেননি। তাই জাতীয় ঐকমত্য গড়ে তুলে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

