মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

রাঙ্গামাটিতে নিখোঁজের তিন দিন পর বিএনপি নেতার মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়ার তিন দিন পর ভাসমান অবস্থায় এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কাপ্তাই উপজেলার গর্জনটিলা এলাকার হ্রদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. মাসুদ (৫০) কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী ছিলেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (১৮ জুলাই) বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকা থেকে নিজস্ব ইঞ্জিনচালিত নৌকায় কাপ্তাইয়ের উদ্দেশে রওনা হন মাসুদ। পথে গর্জনটিলা এলাকায় তিনি নিখোঁজ হন। পরে তাঁর নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া গেলেও তাঁর কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজের পর নৌবাহিনীর ডুবুরি দল, ফায়ার সার্ভিস, পুলিশ এবং বিএনপির নেতাকর্মীরা যৌথভাবে কয়েক দিন উদ্ধার অভিযান চালান। অবশেষে সোমবার নিখোঁজ হওয়ার স্থানসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, মাসুদ কাপ্তাই পেপার মিলসের (কেপিএম) চিপার হাউসে অস্থায়ী নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি বিলাইছড়ি উপজেলার ফারুয়া ও আশপাশের এলাকায় মৌসুমি ব্যবসাও করতেন।

নিহতের বড় মেয়ে মাইশা আক্তার তমা জানান, শনিবার সকালে ফারুয়া বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাঁর বাবা বাড়ি ফেরেননি। পরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। এরপর স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, গর্জনটিলা এলাকায় তাঁর বাবার নৌকাটি ভাসমান অবস্থায় দেখা গেছে।

খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতারা, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির লেফটেন্যান্ট কমান্ডার শাহ আব্দুল্লাহ নাসেরের নেতৃত্বে নৌবাহিনীর আট সদস্যের একটি ডুবুরি দল অভিযানে অংশ নেয়।

কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ ও সাধারণ সম্পাদক কামাল হাকিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত নৌকা থেকে পড়ে কাপ্তাই হ্রদের গভীর পানিতে তলিয়ে যান মাসুদ।

কাপ্তাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেনও একই ধরনের ধারণার কথা জানিয়ে বলেন, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে কয়েক দিন তল্লাশি চালানোর পর নিখোঁজ হওয়ার স্থানসংলগ্ন এলাকা থেকেই তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন