বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সাবেক মন্ত্রী-এমপির এজেন্সিসহ ৪৯ প্রতিষ্ঠানের লাইসেন্স প্রত্যাহার

নিউজ ডেস্ক

মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট গঠন, অতিরিক্ত অর্থ আদায় এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে মানবপাচার মামলায় চার্জশিটভুক্ত ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

রোববার (১৯ জুলাই) মন্ত্রণালয়ের মনিটরিং শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল (লোটাস কামাল)-এর স্ত্রী ও মেয়ের মালিকানাধীন একটি রিক্রুটিং এজেন্সিও রয়েছে। এছাড়া সাবেক সংসদ সদস্য, সাবেক সরকারি কর্মকর্তা এবং কয়েকজন ব্যবসায়ীর মালিকানাধীন একাধিক প্রতিষ্ঠানও এ তালিকায় রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মালয়েশিয়ায় সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া একটি মানবপাচার মামলার তদন্ত শেষে ৪৯টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। অভিযোগপত্র গ্রহণের পরই তাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠান মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট গড়ে তুলে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারে জড়িত ছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধি-বিধান মেনে চলা বাধ্যতামূলক।

তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় অভিযোগপত্র আদালতে দাখিল ও গৃহীত হওয়ায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ১৩ ধারার ক্ষমতাবলে তাদের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন