গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনার প্রতি সরকারের কোনো ধরনের প্রশ্রয় থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে অনলাইনে অপতথ্য, গুজব, ফেক ভিডিও এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার হলেও আইন লঙ্ঘন করে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য হবে না।
তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, গুজব, ফেক ভিডিও এবং বিশেষ করে নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং প্রতিরোধে সরকার আইনজীবীদের সমন্বয়ে একটি বিশেষ প্যানেল গঠন করেছে। এই প্যানেল ভুক্তভোগী নাগরিকদের আইনি সহায়তা ও সুরক্ষা প্রদান করবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জানান, আগামী আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ কর্মসূচি চালু করা হবে। প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য ডুয়েল-কারেন্সি ডেবিট কার্ড ইস্যু করা হবে।
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ এখনো প্রদান করা না যাওয়াকে সরকারের ব্যর্থতা হিসেবে স্বীকার করে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হবে।
এছাড়া যান চলাচল সহজ করতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য বর্তমান স্থান থেকে সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। নতুন একটি উপযুক্ত স্থানে ভাস্কর্যটি পুনর্নির্মাণ করা হবে বলে উল্লেখ করেন ডা. জাহেদ উর রহমান।

