কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সারাদেশে ১৮ ঘণ্টার জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য আরও কঠোর কর্মসূচিরও ঘোষণা দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান নেতারা।
ঘোষণা অনুযায়ী, ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। এরপরও দাবি বাস্তবায়ন না হলে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে বলে জানানো হয়।
সংগঠনের নেতারা বলেন, বর্তমানে প্রতি ঘনমিটারে কমিশন বাড়িয়ে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে। তবে আন্দোলনের পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর প্রতি ঘনমিটারে সিএনজি বিক্রির কমিশন ৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর গত ১১ বছরে অস্বাভাবিক মূল্যস্ফীতি, শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের দাম বৃদ্ধি এবং ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি বেড়ে যাওয়ায় সিএনজি ফিলিং স্টেশন পরিচালনায় বড় ধরনের আর্থিক সংকট সৃষ্টি হয়েছে।
তাদের মতে, বর্তমান কমিশন দিয়ে পরিচালন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। তাই কমিশন পুনর্নির্ধারণের দাবি জানিয়ে তারা সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

