সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা

নিউজ ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে ভারত। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ (Qdenga) বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। জাপানের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি এই টিকার মাধ্যমে ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকা ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি মিলল।

অনুমোদন অনুযায়ী, ৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরা এই টিকা গ্রহণ করতে পারবেন। ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম টিকাটি তিন মাসের ব্যবধানে দুই ডোজে প্রয়োগ করা হবে।

তবে টিকাটির বাজারমূল্য এখনো প্রকাশ করেনি প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। প্রতি বছর বিশ্বজুড়ে আনুমানিক ১০ থেকে ৪০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন, যার প্রায় এক-তৃতীয়াংশ সংক্রমণ ঘটে ভারতে।

বিশ্বের সবচেয়ে ডেঙ্গুপ্রবণ দেশগুলোর অন্যতম ভারত। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে ‘কিউডেঙ্গা’র অনুমোদন দেশটির জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি বড় অগ্রগতি এবং ডেঙ্গু প্রতিরোধে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন