স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপি এবং খেলাপি ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের তথ্য নিশ্চিত করে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানান, সভায় নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাশুদ, আনোয়ারুল ইসলাম সরকার, বেগম তাহমিদা আহমেদ ও আবুল ফজল মো. সানাউল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি জানান, সভায় সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন আইন সংশোধনের প্রস্তাব পর্যালোচনা করা হয়েছে। এসব সংশোধনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের আইনি কাঠামো আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।
এদিকে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

