মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হলে সংঘাত ধীরে ধীরে বিস্তৃত হয়ে মধ্যপ্রাচ্যের সব দেশকে এর প্রভাবের মধ্যে ফেলতে পারে।
বুধবার (২৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, ইরান যদি কোনো অঞ্চলে তেল রপ্তানি করতে না পারে, তাহলে সেখানে অন্য কোনো দেশও নির্বিঘ্নে তেল রপ্তানি করতে পারবে না।
তিনি আরও দাবি করেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো গুরুত্বপূর্ণ জ্বালানি বা কৌশলগত অবকাঠামো নিরাপদ থাকবে না। একই সঙ্গে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি না থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গালিবাফের ভাষ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পরিস্থিতি আর কখনোই যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরে যাবে না। তাঁর এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

