বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে ৮০০ কোটি টাকার কাজ!

নিউজ ডেস্ক

বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোর কয়েকটি বড় প্রকল্পে চুক্তি বাতিল ও কালো তালিকাভুক্ত হওয়ার পরও একই প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক দরপত্রে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পাওয়ার গ্রিড)-এর বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছে আন্তর্জাতিক দরপত্রে অংশ নেওয়া একটি চীনা প্রতিষ্ঠান।

অভিযোগে বলা হয়েছে, পাওয়ার গ্রিডের পরিচালনা পর্ষদের নীতিগত সিদ্ধান্ত উপেক্ষা করে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে যৌথ উদ্যোগের (জয়েন্ট ভেঞ্চার) মাধ্যমে পুনরায় দরপত্রে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট নথি অনুযায়ী, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়নাধীন ‘পাওয়ার ট্রান্সমিশন স্ট্রেংদেনিং অ্যান্ড ইন্টিগ্রেশন অব রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট (পিটিএসআইআরইপি)’-এর আওতায় দুটি বড় প্যাকেজের সম্ভাব্য ব্যয় ৮০০ কোটি টাকারও বেশি। অভিযোগে দাবি করা হয়েছে, এসব প্রকল্পের কার্যাদেশ পুনরায় এনার্জিপ্যাকের কাছে দেওয়ার প্রক্রিয়া চলছে।

নথিপত্রে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থতা, চুক্তির শর্ত লঙ্ঘন এবং প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ বিলম্বের অভিযোগে ২০২৫ সালে এনার্জিপ্যাকের একাধিক চুক্তি বাতিল করা হয়েছিল। একই সঙ্গে পরিচালনা পর্ষদের একটি নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, চুক্তি বাতিল হওয়া কোনো ঠিকাদারকে তিন বছর নতুন দরপত্রে অংশ নেওয়ার অযোগ্য করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

তবে পরবর্তীতে যৌথ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও আন্তর্জাতিক দরপত্রে অংশ নেয় এবং কারিগরি ও আর্থিক মূল্যায়নে ‘রেসপনসিভ’ হিসেবে বিবেচিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পাওয়ার গ্রিড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশিদ খান গণমাধ্যমকে বলেন, দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত প্রকল্পে সংশ্লিষ্ট সংস্থার ক্রয় নির্দেশিকা অনুসরণ করতেই হয়। তিনি বলেন, পূর্বে চুক্তি বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোকে বাদ দেওয়ার বিষয়ে দাতা সংস্থার কাছে অনুরোধ করা হয়েছিল। তবে তাদের গাইডলাইনে এমন কোনো বিধান না থাকায় সেটি কার্যকর করা সম্ভব হয়নি।

এ ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন